আজকাল ওয়েবডেস্ক: বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের ঠিক দু'দিন আগেই হাড়হিম হত্যাকাণ্ড উত্তর ২৪ পরগনায়। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। গতকাল রাতে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক, সবসময়ের সঙ্গী চন্দ্রনাথ রথের।
চন্দ্রনাথ শুধুমাত্র শুভেন্দুর নয়, দলের বহু নেতার কাছের মানুষ ছিলেন। গতকাল বিকেল পর্যন্ত শুভেন্দুর সঙ্গেই ছিলেন তিনি। গিয়েছিলেন বিধানসভায় কাজের প্রস্তুতি দেখতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই সব শেষ। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা।
সূত্রের খবর, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন, গত ৮ বছর ধরে সঙ্গে রয়েছেন। ২০১৮ সাল থেকে সঙ্গে থাকলেও, ২০২০ সাল থেকে আপ্ত সহায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর সর্বদা সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। ২০১৯ সালে, সেই সময় চন্দ্রনাথের মা তৃণমূল কর্মী ছিলেন। কিন্তু পরবর্তীতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান দেওয়ার পর, তিনিও শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন।
শুভেন্দু অধিকারী যাবতীয় কাজকর্ম তিনিই করতেন। শুভেন্দুর নথি, তথ্য থেকে সমস্তটাই চন্দ্রনাথ দেখাশোনা করতেন। চন্দ্রনাথ প্রাক্তন বায়ুসেনা কর্মী। তিনি আদতে পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর ৫ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন।
মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ। খবর পেয়ে রাত ১২টার পর হাসপাতালে পৌঁছন শুভেন্দু। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বও একে একে সেখানে যান। চন্দ্রনাথের স্ত্রী এবং মেয়ের সঙ্গে রয়েছেন তাঁরা। চন্দ্রনাথ রথের স্ত্রীর সঙ্গে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়ে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।
এই ঘটনার খবর পেয়েই মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ-সহ আরও একাধিক বিজেপি বিধায়ক। ভিভা সিটি হাসপাতালে বাইরে বিজেপি কর্মী, সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
সময়টা রাত দু'টো। আপ্ত সহায়ক, সবসময়ের সঙ্গী চন্দ্রনাথ রথের মৃত্যুর পর ভিভা সিটি হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এটি পূর্বপরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। তিন-চারদিন আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। খুনের বিচার হবেই। অভয়ার মতো বিচারহীন থাকবে না এই ঘটনা।















