আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে এক বিজেপি কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আরও এক বিজেপি কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
পূর্ব বর্ধমান জেলার বিজেপির বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, ভোটের আগে বেপরোয়া হয়ে উঠেছে বিদায়ী তৃণমূল বিধায়ক খোকন দাসের বাহিনী।
তাঁর অভিযোগ, ২২ নং ওয়ার্ডে তাঁদের কার্যকর্তাদের উপর এই হামলা হয়েছে। বিজেপি কর্মী সুনীল সিংয়ের উপর অমানুষিক হামালা হয়। তৃণমূল কর্মী রূপম ঘোষ (অনুপম) এর নেতৃত্বে এই হামলা হয়। বিজেপি কর্মীর নাক, মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তিনি রাস্তায় পড়ে গেলেও, তাঁকে গালিগালাজ করা হয়। সেই অবস্থায় তিনি কোনওমতে দলকে জানান। তড়িঘড়ি তাঁকে তুলে এনে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।
এই ঘটনার পরই বিজেপি প্রার্থী বর্ধমান থানায় আসেন। অভিযোগ দায়ের করা হয়। মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, গতকাল পতাকা বাঁধার সময় কালু ও গোবরা নামে দুই বিজেপি কর্মীকে কামড়ে দেয় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। তিনি বলেন, 'এত সাহস আসে কোথা থেকে? ইমিডিয়েট অনুপমকে (রূপম) গ্রেপ্তার করতে হবে।'
এ ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, 'এগুলো সব মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এই কালচার নয়। হেরে যাওয়ার আতঙ্কে ওরা ভুলভাল অভিযোগ করছে।'
প্রসঙ্গত, ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।















