আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ফের প্রকাশ্যে এল ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার একই আসনে দুই বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল এই বিধানসভা কেন্দ্র।
ভোটের আগে ঘটনাটি রাজনৈতিক মহলে তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে। জানা গিয়েছে, গত ৭ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপির মনোনীত প্রার্থী তারক চ্যাটার্জী মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরেই প্রার্থী হিসেবে তারকের নাম চূড়ান্ত করা হয়েছিল। তবে তাঁর নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রার্থী বদলের দাবিতে শুরু হয় বিক্ষোভ, যা ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্বের রূপ নেয়।
এই পরিস্থিতির মধ্যেই বুধবার নাটকীয়ভাবে সামনে আসে নতুন মোড়। প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস নিজেকে কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রকৃত বিজেপি প্রার্থী দাবি করে একই দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। ফলে একই আসনে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন জমা পড়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা ও অনিশ্চয়তা।
তারক চ্যাটার্জীর বক্তব্য, দল তাকে মনোনীত করেছে বলেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। তিনি দলীয় সিদ্ধান্ত মেনেই এগোচ্ছেন। অন্য কেউ মনোনয়ন জমা দিয়েছে কিনা, সে বিষয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর এই নীরব থাকাও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
অন্যদিকে চঞ্চল বিশ্বাসের দাবি, দল তারক চ্যাটার্জীকে মনোনীত করলেও দলের তৃণমূল স্তরের কর্মীরা তাঁকে মেনে নিতে পারেননি। কর্মীদের ইচ্ছা এবং দলীয় অভ্যন্তরীণ নির্দেশ মেনেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন।
তাঁর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, গেরুয়া শিবিরের অন্দরে এই লড়াই শুধুমাত্র প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নয়, বরং দলীয় প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রশ্নও জড়িয়ে রয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। বিশেষ করে নদিয়া জেলার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এই ধরনের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব দলীয় কৌশল ও নির্বাচনে জয়ের সম্ভাবনাকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
সব মিলিয়ে, একই আসনে দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার এই নজিরবিহীন ঘটনা শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, রাজ্য রাজনীতিতেও এক নতুন মাত্রা যোগ করেছে।















