আজকাল ওয়েবডেস্ক:‌ চন্দননগরের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। দুই পক্ষের মধ্যে হাতাহাতি। ছড়াল তীব্র উত্তেজনা। চাউল পট্টি এলাকায়।

 
এটা ঘটনা, দীপাঞ্জন গুহকে চন্দননগরের প্রার্থী করার পর থেকেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। দীপাঞ্জন গুহকে ২০২১ সালে চন্দননগরের টিকিট দিয়েছিল বিজেপি। ইন্দ্রনীল সেন এর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তারপর ২০২৬ এর নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছে দল। প্রার্থী ঘোষণা হওয়ার কয়েকদিন পর দীপাঞ্জন গুহ চন্দননগরে কর্মীদের নিয়ে প্রচার জনসংযোগের কাজ শুরু করেন।


বুধবার সন্ধের পর চন্দননগর চাউল পট্টিতে আদি জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পুজো দিতে যান। সেখানেই বিজেপির এক গোষ্ঠী তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীপাঞ্জন এর সঙ্গে থাকা বিজেপির কয়েকজন কর্মীদের সঙ্গে তাঁদের বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। দলের প্রার্থীর সামনেই কর্মীদের এই ঝামেলা দেখে পথ চলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাম কর্মী গোপাল শুক্লা বলেন, আমরা দেখলাম বিজেপির ঝান্ডা হাতে দু’‌দল জয় শ্রীরাম বলে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। গোটা দেশে যে নৈরাজ্যের শাসন তার প্রতিচ্ছবি দেখা গেল। নিজেরাই নিজেদের মারছে, জয় শ্রীরাম বলছে ভারত মাতা কি জয় বলছে। বিজেপি জিন্দাবাদ বলছে। একজন আরেকজনকে মারছে, এরা নাকি রাজ্যটাকে বাঁচাবে! 

পরে অবশ্য আদি মায়ের কাছে পুজো দেন বিজেপি প্রার্থী।

 দীপাঞ্জন গুহ বলেন, আমি মাকে শুধু বলব ওরা ভুল করছে ওদের ক্ষমা কর। যারা ভারত মায়ের সন্তান তারা ওরা কখনও ভারত মায়ের সন্তানদের বিরুদ্ধে বলে না।

 

 

 

‌‌