আজকাল ওয়েবডেস্ক:‌ আগ্নেয়াস্ত্র হাতে বিজেপি প্রার্থী!‌ ভোটের মুখে। এমনই অভিযোগ উঠেছে। 


বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলিকে হলদিয়া বন্দর এলাকায় ভারতীয় মজদুর সঙ্ঘ ওয়ার্কাস ইউনিয়নের অফিসে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। এমনটাই অভিযোগ উঠেছে।


একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা গেছে, বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলির হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। এদিকে, এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, বাংলায় এবার দুই দফায় বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনে হবে ভোট। দ্বিতীয় দফায় ১৪২ আসনে হবে ভোট।


এদিকে, প্রথম দফার ভোটের আগে গত শনিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাম শাসন থেকে শুরু করে তৃণমূলের ১৫ বছরের শাসনের কথা উঠে আসে শমীকের কথায়। তিনি বলেন, ‘বামেদের ৩৪ বছরের শাসনের পর ২০১১ সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল। একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। যার মধ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাও তিনি বলেছিলেন। কিন্তু কোথায় কী?’‌ শমীকের অভিযোগ ছিল, ‘‌মমতা ব্যানার্জি সবকিছু ধ্বংস করে দিয়েছেন। কোথায় শিল্প!‌ কোথায় চাকরি!‌’‌ ‌ 

শমীক আরও বলেছিলেন, ‘‌বর্তমানে বাংলায় চালের উৎপাদন কমেছে। চলে গেছে তৃতীয় স্থানে। পশ্চিমবঙ্গে আলু চাষীদের সর্বনাশ শুরু হয়ে গেছে। দিন দিন আলুর দাম বাড়ছে। শিক্ষকদের চাকরি থেকে শুরু করে এই রাজ্য সরকার এমন কোনও দপ্তরকে দুর্নীতির বাইরে রাখতে পারেনি। মাদ্রাসাতেও দুর্নীতি ঢুকে গেছে।’‌