মিল্টন সেন: নির্বাচনী প্রচারে এনএসজি কমান্ডোর পোশাকে বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভায়। সেখানকার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী এই ঘটনায় তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। অভিযোগ, কালো রঙের পোশাকে ‘এনএসজি’ লেখা ট্র্যাকসুট পরে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বাংলার শাসক দলের দাবি, জাতীয় নিরাপত্তা বাহিনীর পোশাকের অনুকরণে নির্বাচনী প্রচার করা আইনসিদ্ধ নয়। উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষ্যাণ্য ব্যানার্জি অভিযোগ করেন, ‘এই ধরনের পদক্ষেপ প্রমাণ করছে যে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করেই বিজেপি রাজনীতি করছে। আগে ইডি, সিবিআই, আয়কর দপ্তর। এখন আবার এনএসজি-র নাম ব্যবহার করে প্রচার করা হচ্ছে। অনেক প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরাও এতে অসন্তুষ্ট।’

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর দাবি, ‘এটা এনএসজির ইউনিফর্ম নয়, একটি ট্র্যাকসুট। যে কেউ এটা পরতে পারে। কেউ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইলে নিন, আমি জবাব দেব।’ ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
















