আজকাল ওয়েবডেস্ক:‌ প্রকাশিত হল বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে পদ্ম শিবির। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে, ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছে বিজেপি। আগের ঘোষিত প্রার্থী কৌশিক রায়ের জায়গায় এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। 


এছাড়া সিতাই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আশুতোষ বর্মাকে। নাটাবাড়ি থেকে বিজেপির টিকিটে লড়বেন গিরিজা শঙ্কর রায়। বাগদা কেন্দ্রে সোমা ঠাকুর। তিনি শান্তনু ঠাকুরের স্ত্রী। মগরাহাট পূর্ব থেকে দাঁড়িয়েছেন উত্তম কুমার বণিক। ফলতায় প্রার্থী দেবাংশু পাণ্ডা। সোনারপুর উত্তরে গেরুয়া প্রার্থী দেবাশিস ধর। হাওড়া দক্ষিণের প্রার্থী শ্যামল হাতি। পাঁচলায় লড়বেন রঞ্জন কুমার পাল।


চন্ডীপুর কেন্দ্রে লড়বেন পীযূষ কান্তি দাস, গড়বেতায় প্রার্থী প্রদীপ লোধা। মেমারিতে পদ্ম শিবিরের প্রার্থী ব্লগার মানব গুহ। বারাবনিতে দাঁড়িয়েছেন অরিজিত রায়। 

এটা ঘটনা, কিছুদিন আগেই কলকাতা পুরসভার কয়েক দশকের কাউন্সিলর তথা মধ্য কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক যোগ দিয়েছিলেন বিজেপিতে। তখনই বোঝা গিয়েছিল তিনি হয়ত ভোটে দাঁড়াবেন। আর সেটাই সত্যি হল মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের পর।


প্রসঙ্গত, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং দুই কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব ও অমিত মালব্যর উপস্থিতিতে সন্তোষ বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্য বিজেপির বিধাননগর দপ্তরে শমীক উত্তরীয় পরিয়ে এবং পতাকা হাতে দিয়ে সন্তোষকে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানিয়েছিলেন। তবে দলবদল করলেও কংগ্রেসকে কিন্তু আক্রমণ করেননি সন্তোষ।


গত ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেই মঞ্চেই সন্তোষ বিজেপির পতাকা হাতে নিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। ডালহৌসি এলাকার দীর্ঘদিনের কাউন্সিলরকে সেদিন শেষ পর্যন্ত আর ব্রিগেডে দেখা যায়নি। তবে তার ১০ দিনের মধ্যেই সন্তোষ বিজেপিতে যোগ দেন।


এদিকে, ভোটে লড়ছেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করেছে। আর ময়নাগুড়িতে প্রার্থী বদল করা হয়েছে। কর্মী অসন্তোষের জেরে আগের প্রার্থী কৌশিক রায়কে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।

মঙ্গলবার ১৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মঙ্গলবারের পর আর মাত্র ছ’টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা বাকি থাকল বিজেপির। প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর তৃতীয় দফায় ১৯টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি।