মিল্টন সেন: অভিষেক ব্যানার্জির হাত ধরে হুগলি জেলার বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগ দিয়েই সুরেশের দাবি, বিজেপিতে এরপরে ঝান্ডা ধরারও লোক পাওয়া যাবে না। 

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ তৃণমূলে যোগ দিতে পারেন। গত বৃহস্পতিবার রাতে তিনি দলের যাবতীয় দায়িত্ত্ব থেকে পদত্যাগ করেন।

তার পর জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে রবিবার বিশাল মিছিল করে অভিষেকের সভাস্থলে পৌঁছন তিনি। ডানলপের মাঠে তৃণমূলের সাধারণ সর্বভারতীয় সম্পাদকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুরেশ সাউ।

তাঁর সঙ্গে তৃণমূল যোগ দিলেন আরও বেশ কয়েকজন বিজেপি নেতা। রবিবার হুগলির ডানলপ মাঠে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অভিষেক ব্যানার্জি। সেখানে সুরেশের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অভিষেক।

তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সুরেশের গলায় উত্তরীয় পরিয়ে দেন। অভিষেকের সামনেই পুষ্পা সিনেমার ডায়লগ বলতে শোনা যায় সুরেশকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের লড়াইকে তিনি পুষ্পা সিনেমার হিরো আল্লু অর্জুনের বিখ্যাত ডায়লগের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘কভি ঝুকেগা নেহি।’ সুরেশ আরও বলেন, ‘অনেক কষ্ট করে দলটা করছিলাম কিন্তু আমাদের মত কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরাই যদি প্রতারিত হই তাহলে একবার ভেবে দেখুন সাধারণ মানুষের সঙ্গে কেমন প্রতারণা করা হয়েছে। ভেবেছিলাম ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে বিজেপি। দীর্ঘদিন ধরে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। হুগলিতে একটা আসনও বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না। আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরবে।’

ছবি: পার্থ রাহা