আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার ভোটের দিন বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। তৃণমূলের দলীয় ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূলের কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে। আহত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী।
সূত্রের খবর, বুধবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে বেহালা পশ্চিম ১২৭ নম্বর ওয়ার্ডে। ১০০ মিটারের বাইরেই ছিল তৃণমূলের দলীয় ক্যাম্প। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী এসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। একাধিক তৃণমূল কর্মী আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
পাশাপাশি এদিন মিনাখা বিধানসভার শালিপুর অঞ্চলের ৩২ ও ৪০ নম্বর বুথেও তৃণমূলের দলীয় ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর এই হামলা পুরোপুরিই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা।
বুধবার সকালে উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভার একটি ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়াল। ওই বিধানসভার অবিনাশ কবিরাজ স্ট্রিটে তৃণমূলের ক্যাম্প ভাঙার অভিযোগ উঠল বিজেপির প্রার্থীর বিরুদ্ধে। শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার দাবি, “বিজেপির প্রার্থী নিজে ক্যাম্প ভাঙছেন। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানাচ্ছি। কিন্তু এ ভাবে ভোটারদের বিভ্রান্ত করা যাবে না।”
অন্যদিকে, জগদ্দল বিধানসভার একটি বুথে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় বাহিনী পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি। লিলুয়ায় তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নাগালে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তিনজনকে আটক করা হয়েছে।
















