আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যেই একের পর এক দুর্ঘটনার খবর। এবার কোন্নগরে ঘটে দু্র্ঘটনা। ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু প্রৌঢ়ার৷ ঘটনায় চরম চাঞ্চল্য।
কোন্নগর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের নিউ পার্ক এলাকায় মেয়ে জামাই এর সঙ্গে বসবাস করতেন জ্যোতি রানী দাস (৬৫)। বিকেল চারটে নাগাদ ওই ওয়ার্ড এলাকার ভোটদান কেন্দ্র বিবেকানন্দ প্রাইমারি স্কুলে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জ্যোতিদেবী। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোক হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
প্রৌঢ়ার মৃতদেহ বর্তমানে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আগামীকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তাঁর ময়না তদন্ত হবে৷ ময়না তদন্তের কাজ সম্পন্ন হলে পরবর্তীতে তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গণতন্ত্রের উৎসবে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
অন্যদিকে চন্ডীতলায় ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কল্যাণ ঘোষ (৪৫)। জানা গিয়েছে, চন্ডীতলা বরিজহাটি গার্লস স্কুলে ভোট ছিল তাঁর। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে চন্ডীতলা গ্রামীন হাসপাতাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।















