আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালে ভোট গণনা। ঠিক তার আগেই মধ্যমগ্রাম বিধানসভা অন্তর্গত সুভাষ নগর এলাকায় চাঞ্চল্য। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভিভিপ্যাট স্লিপ। একটি পাম্পের পাশ থেকে আবর্জনার স্তুপের মধ্যে থেকে দেখা মিলল ভিভিপ্যাটের সিলিপ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম রয়েছে ওই স্লিপ গুলিতে। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তুলুল বচসা।

নোয়াপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জী এ প্রসঙ্গে অভিযোগ তুলে বলেন, "এটি এখানে আসা কীভাবে সম্ভব! সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্যে এমন ঘটনা।" নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তোলেন তিনি। উদ্ধার হওয়া ভিভিপ্যাট স্লিপগুলির মধ্যে বামেদের ভোটের স্লিপই সবথেকে বেশি দেখা গিয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "এটি সম্পূর্ণ চক্রান্ত। ভোট গণনায় বাধা সৃষ্টির উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে।" যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক প্রতিক্রিয়া মেলেনি। সব মিলিয়ে বিস্তর রহস্য তৈরি হয়েছে এই ভিভিপ্যাট স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে।

এ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য অভিযোগ করে বলেন, "নির্বাচনে হেরে যাবে বলে ষড়যন্ত্র করে বিজেপি এ ধরনের কাজ করছে।" তিনি আরও বলেন, " অধিকাংশ স্লিপ তৃণমূল এবং সিপিআইএমের হওয়ায় ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটানো হয়েছে। "