আজকাল ওয়েবডেস্ক: কমিশনের কড়া পদক্ষেপ। হেস্টিংসে অভিষেক ব্যানার্জিকে বের করে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া কারও গণনাকেন্দ্রে থাকার কথা নয়। এই কারণেই তাঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷

সাখাওয়াতে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমুতি নেই৷ সূত্রের খবর অনুযায়ী, তাঁদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷

রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ৷ ২৯৪ আসনের বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ হয়েছে। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন৷ 

এখনও পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলায় গেরুয়া ঝড়ে কার্যত ঝরে পড়ল ঘাসফুল। কাকদ্বীপ থেকে কালিম্পং, গেরুয়া শিবির ইতিমধ্যেই উদযাপনে মেতে উঠেছে। কোথাও বাইক মিছিল, কোথাও বা গেরুয়া আবির খেলা, কোথাও আবার বিজেপির অফিসের সামনেই মিষ্টিমুখ। জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়ির সামনে 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এমনকী তাঁর বাড়ির সামনে দিয়েই বিজেপি সমর্থকদের বাইক মিছিল যায়। যদিও এখনও পর্যন্ত ১১ রাউন্ড শেষে ভবানীপুরে ৯,৪৭৫ ভোটে এগিয়ে আছেন মমতা ব্যানার্জি। 

এই পর্যন্ত ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির ঝুলিতে রয়েছে ৪২,৭৯৬ এবং শুভেন্দুর ঝুলিতে রয়েছে ৩৩,৩২১ ভোট।