আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ের তিন আসন ছেড়ে, একযোগে ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজরে নির্বাচনী ইস্তেহার। শুক্রবার, বিকেল চারটেয়, কালীঘাটে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন দলের সুপ্রিমো।
নির্বাচনী ইস্তেহার কী?
আসলে ভোটের মুখে, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি। জনগণের কাছে নিজেদের উদ্দেশ্য, দায়বদ্ধতা নিয়ে বার্তা। অর্থাৎ ভোট জিতলে, ওই দল, সাধারণের জন্য কী কী করার পরিকল্পনা করেছে, একযোগে তা জানানো।
তৃণমূল কংগ্রেস, বারে বারে নির্বাচনী ইস্তেহারে চমক রেখেছে। ২০২১ সালের নির্বাচনী ইস্তেহার সেগুলির মধ্যে নজরত কেড়েছিল বিশেষভাবে। যেমন নজর কেড়েছিল একুশের ভোটের আগের স্লোগানগুলিও। এবার ভোটের নির্ঘণ্ট সামনে আসার আগেই তৃণমূল কংগ্রেস যুবসাথী প্রকল্প শুরু করে দিয়েছে। ভোটের আগেই, ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে রাজ্যবাসীর কাছে। সূত্রের খবর, ছাব্বিশের ভোটের মুখেও তৃণমূল মূলত ফোকাস করছে উন্নয়ন এবং নারী-যুব ক্ষমতায়নে।
দেড় দশক ক্ষমতার মসনদে বসে থাকার পর, এই ভোট তৃণমূলের কাছে কেবল ফিরে আসার ভোট নয়। ভোট ১৫ বছরের সরকারের হয়ে রাজ্যের সামনে দাঁড়িয়ে, নিজেদের পুনরায় প্রমাণ করার ভোট। সেই কারণেই, গোটা প্রক্রিয়ায় এবার তৃণমূল কংগ্রেস অতি সাবধানী পদক্ষেপ নিচ্ছে, তেমনটাই মত রাজনৈতিক মহলের।
শাসক দলের প্রার্থী তালিকাতেই যদিও তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবার একযোগে, ৭৪জন বিধায়ককে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। ১৫ বিধায়কের আসন বদল করেছেন এক ঝটকায়। ২৯১ আসনের প্রার্থী তালিকায় এবার একেবারে ছেঁটে ফেলা হয়েছে 'স্টার গ্লো'। বদলে যে কথা অভিষেক এর আগেও বারবার বলেছেন, দলে গুরুত্ব দেওয়া হবে পারফম্যান্সকে। গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টিকেও।
এবারের প্রার্থী তালিকায় চমক অন্য এক বিষয়েও। ২৩৯ পুরুষ প্রার্থী এবং ৫২ মহিলা প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, তাঁদের মধ্যে ১৩ জন মঙ্গলবার সকালে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। যেখানে তাবড় তাবড় নামেদের নিয়ে জল্পনায় ছেয়ে গিয়েছিল চতুর্দিক, সেখানে ঠিক সকাল ১১টা থেকে, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস আচমকা যোগদান কর্মসূচি শুরু করে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, কলকাতা। জায়গায় জায়গায় শুরু হয় যোগদান। তখনও কেউ আঁচ করতে পারেননি, তাঁরাই তৃণমূলের প্রার্থী। ঠিক কয়েক ঘণ্টা আগেও তাঁরা তৃণমূলের কেউ ছিলেন না। এবার নজর, ইস্তেহারে। চতুর্থবার ফিরে আসার লরাইয়ের আগে, জনগণের মন জিততে কোন কোন বিষয় তুলে ধরবেন মমতা? অপেক্ষা কিছুক্ষণের।
&t=1800s
