আজকাল ওয়েবডেস্ক: উত্তর থেকে দক্ষিণ, ঝোড়ো নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। শুক্রবারেও একাধিক জনসভা করেছেন মমতা ব্যানার্জি। সেখান থেকেই একেবারে বড় বার্তা। মমতা ব্যানার্জি এদিন তেঁতুলিয়ার সভা থেকে বললেন, 'বাইরের লোক আসতে শুরু করেছে। নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন।'
মমতার বক্তব্যে উঠে আসে অসমের প্রসঙ্গ। অভিযোগ, অসমের ভোটে বাইরের রাজ্য থেকে ট্রেনে করে হাজার হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, বাইরে থেকে লোক না নিয়ে গেলে, সে রাজ্যে ভোট জিততে পারবে না গেরুয়া শিবির।
মমতা এদিন বলেন, 'বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে অসমে শুনেছি ভোট হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৫০ হাজার লোক ট্রেনে করে গিয়েছে। ভোট দিয়েছে। মানুষের ভোটে অসমে জিতত না বিজেপি। তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে বদলে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে। কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারও প্রতি নির্ভরশীল নই।'
বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ সুর চড়াচ্ছে শাসক দল। এদিন মমতা বলেন, 'সংবাদ মাধ্যমে দেখলাম ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান।' ব্লক স্তরে সমীক্ষা করার পর, দল নিশ্চিত করবে বিষয়টি, জানান তাও।
এদিনের সভা থেকে, দেশের সব এজেন্সি বিজেপি কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন। এদিন ওপর এক সভা থেকে অনুপ্রবেশ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, 'দি কোনও অনুপ্রবেশকারী ঢোকে তা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা।' বিজেপিকে দু'মুখো সাপ বলেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।















