আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল 'আম জনতা উন্নয়ন পার্টি'র সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির রাজনৈতিক দল এআইএমআইএম-এর  নির্বাচনী জোট চূড়ান্ত হলো বুধবার। 


হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল 'আম জনতা উন্নয়ন পার্টি'র নির্বাচনী প্রতীক হিসেবে 'বাঁশি' চিহ্নটি অনুমোদন করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১ এপ্রিল 'বাঁশি' হাতে বহরমপুর কেন্দ্র থেকে নির্বাচনী দৌড় শুরু করতে চলেছেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। হুমায়ুনের সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করার জন্য মঙ্গলবার রাতে কলকাতায় আসেন ওয়াইসি। এরপর রাতে দুই নেতার মধ্যে কলকাতার একটি হোটেলে দীর্ঘ বৈঠক হয়। 

 

বুধবার সকালে কলকাতায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে হুমায়ুন জানিয়েছেন- আগামী ১ এপ্রিল বহরমপুর থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সেদিন হুমায়ুনের সঙ্গে ওই নির্বাচনী সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। ওই দিনই হুমায়ুন বহরমপুরে জেলাশাসকের অফিসে নিজের  মনোনয়নপত্র জমা দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন এবার 'বাঁশি' চিহ্ন নিয়ে রেজিনগর এবং নওদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যের অন্যান্য কেন্দ্রে। এদিনের যৌথ সাংবাদিক সম্মেলনে ছিলেন দলের রাজ্য নেতা ও রাণীনগর বিধানসভার প্রার্থী ইয়াসের হায়দার -সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। 

 

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে  নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবীরকে রাজ্যের শাসক দল সাসপেন্ড করে। এর পরই হুমায়ুন কবীর নিজের নতুন রাজনৈতিক দল 'জনতা উন্নয়ন পার্টি' তৈরি করেন। যদিও পরবর্তীকালে হুমায়ুনকে নিজের রাজনৈতিক দলের আগে 'আম' শব্দ বসাতে হয়। কারণ 'জনতা উন্নয়ন পার্টি'র রেজিস্ট্রেশন আগে থেকেই অন্য এক ব্যক্তিকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল। 

 

গত ২২ তারিখ  হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় কার্যালয় থেকে তাঁর  দলের মোট ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলনে হুমায়ুন জানিয়েছিলেন- আগামী ২৫ তারিখ তিনি দলের ১৮২ জন প্রার্থীর নাম কলকাতা থেকে ঘোষণা করবেন। যদিও কলকাতায় অনুষ্ঠিত আজকের যৌথ সাংবাদিক সম্মেলনে হুমায়ুন নতুন করে আর তাঁর দলের কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। 

 

সূত্রের খবর, মুর্শিদাবাদ , দক্ষিণ ২৪ পরগনা এবং মালদা জেলার কয়েকটি আসন নিয়ে এআইএমআইএম দলের সঙ্গে সমঝোতা নিয়ে হুমায়ুন কবীরের দলের শেষ মুহূর্তের আলোচনা চলছে। সেই কারণে  এদিনের যৌথ সম্মেলনে হুমায়ুন কবীর নতুন করে তাঁর নিজের দলের কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। কয়েকটি আসন নিয়ে যে 'ছোট ভাইয়ের' (পড়ুন হুমায়ুন) সঙ্গে  আলোচনা চলছে তা স্বীকার করে নিয়েছেন খোদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন, আমাদের জোট চূড়ান্ত।  ২-১ টা আসন নিয়ে আলোচনা চলছে। আগামীকালের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে।  


এদিনের সাংবাদিক সম্মেলন হুমায়ুন জানান, আগামী ১ এপ্রিল বহরমপুরে এআইএমআইএম এবং 'আম জনতা উন্নয়ন পার্টি'র একটি যৌথ সভা হবে।  সেই সভায় আসাদউদ্দিন ওয়াইসি নিজে উপস্থিত থাকবেন। 


পাশাপাশি দুই শীর্ষ নেতার বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দলের জোট প্রার্থীদের সমর্থনে আসাদউদ্দিন ওয়াইসি কমপক্ষে কুড়িটি সভায়  অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আসাদউদ্দিন ওয়াইসির দলের অন্য শীর্ষ নেতৃত্বরা সব মিলিয়ে প্রায় ৩০টি র‍্যালিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।