আজকাল ওয়েবডেস্ক: ইভিএম-এ সমস্যার জেরে প্রায় আধ ঘণ্টা ধরে  ভোটগ্রহণ বন্ধ থাকে দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর   গ্রামের ৬৫ নম্বর বুথে। অভিযোগ ওঠে ইভিএম-এ তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায় ভোটারদের। ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০ র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। তাঁরা জানান, তৃণমূল প্রার্থীর জন্য বোতামে চাপ দিলে সেটা সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ব্যাপারটা নিয়ে শোরগাল হতেই ক্ষুব্ধ হন ভোটাররা। তারপরেই ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি। ইঞ্জিনিয়াররা আসছেন বলে খবর পাওয়া গিয়েছে। 

 

এই নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। অভিযোগ, বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে কটুক্তি শুরু করেন স্থানীয়রা। বাহিনীর উদ্দেশে উড়ে আসতে থাকে ইট-পাটকেল। জওয়ানদের তরফে লাঠি  উঁচিয়ে তেড়ে গেলেও  বেশ খানিকক্ষণ ইট-পাটকেল ছোড়া অব্যাহত থাকে। তাতে জখম হয়েছেন কয়েকজন জওয়ান ও তাঁদের গাড়ির চালক। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

রাজ্যে প্রথম দফার ভোট চলছে। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।