আজকাল ওয়েবডেস্ক: রবিবারেই কলকাতায় আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, রবিবার বিকেলে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে নামবেন তিনি।
শনিবার জানানো হয়, তিলজলার কাছে শোভনদেবের হয়ে জনসভা করবেন কেজরিওয়াল। তবে কেজরিওয়াল দু’দিনের সফরে বাংলায় আসছেন। শুধু শোভনদেব নয়, অন্যান্য প্রার্থীদের হয়েও প্রচারে নামতে পারেন তিনি।
এমনকী, ভবানীপুর কেন্দ্রের পার্থী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলায় প্রথম দফার ভোট মিটেছে বৃহস্পতিতে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, প্রথম দফায় রাজ্যে ১৬ জেলায়, ১৫২ আসনে ভোটদানের হার ৯২ শতাংশেরও বেশি।
পরিসংখ্যানের হিসেবে এই ভোট দানের হার কেবল রাজ্যের নয়, দেশের ইতিহাসেও নজিরবিহীন। এই বিপুল পরিমাণ ভোট পড়ল কেন? মমতা ব্যানার্জি নিজেই বৃহস্পতিবার বিকেলে সম্ভাব্য কারণ জানিয়েছেন, যা তাঁর মনে হচ্ছে।
তাঁর মতে, এই বিপুল ভোট পড়েছে, কারণ মানুষ এবার এসআইআর-এর কারণে ভোট দিয়েছেন, ভোট দিয়েছেন, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য।
এসবের মাঝেই আপ সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল বাংলার প্রথম দফার ভোট মিটতেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কী লিখেছেন কেজরি? লিখেছেন, 'শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে জমিয়ে এসআইআর বিরোধিতায় ভোট পড়েছে। মোদিজির এসআইআর ওঁর বিরুদ্ধেই যাচ্ছে।'
কেজরিওয়াল এর আগেও, মমতা ব্যানার্জির সমর্থনে পোস্ট করেছেন। মমতার পাশে থাকার বার্তা দিয়েছেন ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। পাশে থাকার বার্তা অখিলেশ যাদবের।
ইতিমধ্যে বাংলার ভোটের প্রচারে এসেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শুক্রবার নির্বাচনী প্রচারে আসছেন অখিলেশ যাদব। অন্যদিকে গত কয়েকদিন ধরেই বঙ্গে অমিত শাহ।
বৃহস্পতিতে ভোটের প্রথম দফা মিটতেই, শুক্রবার সকালে আত্মবিশ্বাস ঝরে পড়ে অমিত শাহের কথায়। তিনি সাফ জানান এদিন, তিনি আশাবাদী, আশাবাদী বিজেপি। ১৫২ আসনের প্রথম দফার ভোটে, ১০০-এর বেশি আসন পাবে গেরুয়া শিবির।
অন্যদিকে ভোটের পরের সকালে, নজর কেড়েছেন খোদ প্রধানমন্ত্রী। সকাল বেলা তিনি গঙ্গাবক্ষে ভ্রমণ করেন। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট ভ্রমণ করেন। সেসব ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে নৌকাবিহার শেষে, সাধারণ মানুষদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।















