আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির অমোঘ টান আর মার্চের শেষে রূপকথার মতো তুষারপাত— সব মিলিয়ে সান্দাকফু এখন এক মায়াবী শ্বেতশুভ্র ক্যানভাস। পাইন আর রডোডেনড্রনের ডালে বরফের আস্তরণ দেখে মনে হতে পারে বসন্তের পাহাড়ে অসময়ে হাজির হয়েছেন 'সান্তা বুড়ো'। কিন্তু প্রকৃতির এই বিরল সৌন্দর্যের মাঝেই নেমে এল শোকের ছায়া। মনোরম এই পরিবেশ উপভোগ করতে গিয়ে অকাল মৃত্যু হলো কলকাতার এক পর্যটকের।

মৃত পর্যটকের নাম ইমরান আলি, তিনি কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন চৌরঙ্গী লেনের বাসিন্দা। জানা গিয়েছে, গত ২৪ মার্চ বন্ধু রোহিত শেখরের সঙ্গে পাহাড় ভ্রমণে বেরিয়েছিলেন ইমরান। মানেভঞ্জন হয়ে ২৬ মার্চ তাঁরা টুংলুতে পৌঁছান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁরা টুংলুতেই থেকে যেতে বাধ্য হন। শনিবার সকালে যখন চারপাশ বরফে ঢাকা, বন্ধুকে সেই দৃশ্য দেখাতে ডাকতে যান রোহিত। কিন্তু অনেক ডাকাডাকিতেও ইমরান সাড়া না দেওয়ায় স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গিয়েছেন ইমরান। অত্যধিক ঠান্ডা নাকি উচ্চতাজনিত শারীরিক সমস্যার কারণে এই মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জিটিএ-র ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে প্রায় দুই দশক পর মার্চের শেষে এমন ভারী তুষারপাত দেখে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও, বিপত্তি বেড়েছে যাতায়াতে। রাস্তাঘাট পুরু বরফে ঢেকে যাওয়ায় ল্যান্ড রোভার চলাচল করতে পারছে না। ফলে বহু পর্যটক এখন বিভিন্ন হোমস্টে-তে কার্যত বন্দি। প্রকৃতির এই অসাধারণ রূপ দেখার আনন্দের মাঝেই এক তরতাজা প্রাণের প্রয়াণে শোকাতুর পাহাড়ের পর্যটন মহল।