আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া পোস্ট বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন অনলাইনে বা কাউন্টারে করা বুকিং বাতিল করার ক্ষেত্রে অর্থ ফেরৎ (রিফান্ড) পাওয়া যাবে। অর্থাৎ, আপনি যদি পোস্ট অফিসে কোনও বুকিং বাতিল করেন, (তা অনলাইনে হোক বা সশরীরে) তবে আপনি অর্থ ফেরৎ পাবেন। তবে, রিফান্ড প্রক্রিয়া শুরু করার আগে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল আইটেম (যেমন- পার্সেল বা চিঠি) বুক করেন, তারা পোস্ট অফিসে সেই আইটেমগুলো জমা দেওয়ার বা গৃহীত হওয়ার আগেই বুকিং বাতিল করতে এবং ডাক মাশুল বা পোস্টেজ ফেরৎ পাওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন।

রিফান্ড বা অর্থ ফেরতের নিয়মগুলো কী?
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "পোস্ট অফিসের কাউন্টারে বুক করা আইটেমের ক্ষেত্রে, প্রেরক পোস্ট অফিসে গিয়ে বুকিং বাতিলের অনুরোধ করতে পারেন। অথবা ডেটা এন্ট্রিতে কোনও ভুল থাকলে পোস্ট অফিস নিজেই সেই দিন বুকিং বাতিল করতে পারে।" তবে, বাতিল করা পোস্টাল আইটেমের ডাক মাশুল ফেরৎ দেওয়ার বিষয়টি ডাক বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারি করা প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন হবে।

নতুন নিয়ম অনুযায়ী, পরিষেবা স্থগিত হলে প্রেরককে ডাক মাশুল, বিশেষ চার্জ এবং এয়ার সারচার্জ (বিমান পরিবহন সংক্রান্ত অতিরিক্ত মাশুল) ফেরৎ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সময়ে সময়ে জারি করা প্রশাসনিক নির্দেশাবলী অনুসরণ করা হবে। আন্তর্জাতিক বুকিংয়ের ক্ষেত্রেও আইটেম ফেরৎ বা প্রত্যাহার (রিকল) করা সম্ভব। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রেরক কোনও 'অ্যাকাউন্টেবল' (অর্থাৎ যার ট্র্যাকিং বা রেকর্ড রাখা হয় এমন) বহির্গামী আন্তর্জাতিক পোস্টাল আইটেম বুকিং অফিস থেকে যেকোনও কারণে ফেরত বা প্রত্যাহার করে নিতে পারেন। এক্ষেত্রে প্রশাসনের নির্দেশাবলী মেনে চলতে হবে।

এছাড়া, এই নিয়মের আওতায় কোনও 'অ্যাকাউন্টেবল' অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পোস্টাল আইটেমের প্রাপক প্রয়োজনীয় ডাক মাশুল জমা দিয়ে ডেলিভারি অফিস থেকে আইটেমটি অন্য ঠিকানায় পুনঃনির্দেশ (রিডাইরেক্ট) করতে পারেন। তবে, নতুন ঠিকানাটি যদি একই পোস্ট অফিসের ডেলিভারি এলাকার মধ্যে হয়, সেক্ষেত্রে কোনও অতিরিক্ত মাশুল দিতে হবে না।

পাশাপাশি, নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিপমেন্টের প্রাপকরা বিদেশ থেকে আসা চালান বা আইটেম ফেরত বা পুনঃনির্দেশ করতে পারেন। তবে এটি সেই সময়ে কার্যকর প্রশাসনিক নির্দেশাবলী এবং সংশ্লিষ্ট ডাক প্রশাসনের নীতিমালার সাপেক্ষে হতে হবে।