আজকাল ওয়েবডেস্ক: ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে বদলাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিময় অনুযায়ী, ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড-এর পাশাপাশি এখন থাকছে আরও এক ধাপের যাচাই প্রক্রিয়া। শুধু ইউপিআই নয়, কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইলেও দুই ধাপের এই যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য আরবিআইয়ের এই নতুন পদক্ষেপ। এর ফলে হয়ত টাকা লেনদেনে একটু সময় বেশি লাগবে, কিন্তু জনসাধারণের টাকা প্রতারকের নাগালের বাইরে থাকবে।
আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, ওটিপির পাশাপাশি একটা অতিরিক্ত পিন বা পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের (আঙুলের ছাপ) মাধ্যমে যাচাই প্রক্রিয়া থাকছে। ছোট ছোট পেমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় ধাপের যাচাই পর্ব না থাকলেও বড় অঙ্কে টাকা পাঠানোর আগে দ্বিতীয় ধাপের যাচাই পর্ব থাকছে। বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও থাকছে একই নিয়ম। পাশাপাশি ব্যাঙ্কের জন্যও নিয়মে আরও কড়াকড়ি করা হচ্ছে। যদি ব্যাঙ্কের গাফিলতিতে কোনও জালিয়াতি হয়, তাহলে সেই ব্যাঙ্ককেই ক্ষতিপূরণ দিতে হবে। যে কোনও জালিয়াতির অভিযোগ উঠলে, তার দ্রুত তদন্ত ও সমস্যা সমাধানের দ্রুত ব্যবস্থাও সেই ব্যাঙ্ককেই করতে হবে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই ব্যবহারকারী দিনে ৫০ বারের বেশি নিজের ব্যাঙ্কে কত টাকা পড়ে আছে তা চেক করতে পারবেন না। দিনে ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। আর টাকা পাঠানোর পরে সেই টাকা গিয়েছে কিনা তা মাত্র তিন বার দেখা যাবে। তাও ৯০ সেকেন্ড বাদে বাদে। এছাড়া যাঁদের ইএমআই চলছে বা নানা অ্যাপে যেমন নেটফ্লিক্স, হইচই ইত্যাদিতে মাসে মাসে টাকা কাটে, সেগুলি সকাল ১০টার আগে এবং রাত সাড়ে ৯টার পরে কাটবে।
এইচডিএফসি ব্যাঙ্কের মতো আরও কিছু ব্যাঙ্ক এখন ইউপিআইয়ের টাকা লেনদেনে নির্দিষ্ট সীমা ধার্য করেছে। প্রতি মাসে নির্দিষ্ট কয়েকবারই অতিরিক্ত অর্থ ছাড়া টাকা পাঠানো যাবে। কিন্তু সেই সীমা পার করলেই প্রতিবার টাকা পাঠাতে হলে ২৩ টাকার পাশাপাশি অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এই নিয়ম কার্ডে টাকা তোলার ক্ষেত্রেও প্রযোজ্য। পাশাপাশি রুপে প্লাটিনাম কার্ডে বিমানবন্দরে ও রেল স্টেশনচত্তরে যে অতিরিক্ত সুবিধা পাওয়া যেত তাও বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।















