আজকাল ওয়েবডেস্ক:‌ ফের মালদায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা। এক যুবককে ফোনে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে খুন করার অভিযোগ উঠল মালদা শহরের ১নং ওয়ার্ডের মহেশপুর গাদুয়া মোড় এলাকায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে এলাকার সাধারণ জনমানসে। 


জানা গেছে, নিহত যুবকের নাম কিষাণ হালদার। বয়স ২৮ বছর। বাড়ি মালদা শহরের ১নং ওয়ার্ডের মহেশপুর গাদুয়া মোড় এলাকায়। বুধবার রাত ১১টা নাগাদ তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকাল থেকেই প্রতিবেশি গোলাম হালদারের ছেলে সুমন হালদার হাঁসুয়া হাতে কিষাণের খোঁজ করছিল। রাতের দিকে কেউ বা কারা কিষাণকে ফোন করে বাড়ির বাইরে ডাকে। সেই ডাকে কিষাণ বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর রাত ১১টা নাগাদ পরিবারবর্গ খবর পান মহেশপুর বাগান পাড়া এলাকায় কিষাণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। যা জানতে পেরেই পরিবারের লোকজনরা সেখানে ছুটে যান। গিয়ে লক্ষ্য করেন কিষাণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশেই পড়ে আছে দুটি ধারালো অস্ত্র। এই দৃশ্য দেখার পর পরিবারবর্গ তড়িঘড়ি রক্তাক্ত কিষাণকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগ, কিষাণকে খুন করা হয়েছে। খুন করেছে প্রতিবেশি গোলাম হালদারের ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজন মিলে। তবে খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। এই ঘটনায় কিষাণের সঙ্গে তার আরও দুই বন্ধু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার পর ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।