আজকাল ওয়েবডেস্ক: মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত বারাকপুরের আনন্দপুরের ডি রোড এলাকায়। মৃতের নাম রাজন্যা ঘোষ (১২)। জানা গেছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছিল সে। বাবা ইন্দ্রজিৎ ঘোষ ও মা কবিতা ঘোষ। জানা গেছে, প্রবল বৃষ্টির জন্য শুক্রবার তিন জনই বাড়িতে ছিলেন। মা আর মেয়ে ছিল আলাদা ঘরে আর বাবা ছিলেন পাশের ঘরে। সন্ধেয় ঘুম থেকে উঠে ইন্দ্রজিৎ পাশের ঘরে স্ত্রী ও মেয়েকে ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়া পাননি। এদিকে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তিনি খুলতেও পারছিলেন না। অগত্যা ইন্দ্রজিৎবাবু প্রতিবেশী সহ টিটাগড় থানায় খবর দেন।
পুলিশ এসে দরজা ভাঙলে দেখা যায় বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। মেঝেতে বসে মা। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় পুলিশের সহযোগিতায় রাজন্যাকে নিয়ে যাওয়া হয় বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসক নাবালিকাকে মৃত ঘোষণা করেন। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এরপরই স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ইন্দ্রজিৎ। রাতেই কবিতাকে টিটাগড় থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত কবিতা মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ ঘটনার তদন্ত করছে।
