আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের নানা স্টেশনে হকার উচ্ছেদের ঘটনা ঘটছে। নিজের জায়গায় দখলমুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এবার উচ্ছেদের আতঙ্কে দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা হকার। 

রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিস ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, সেই আতঙ্কের আবহেই শুক্রবার দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা হকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে দমদম স্টেশনে হকারি করে সংসার চালাতেন। সম্প্রতি রেলের তরফে স্টেশন পরিষ্কার ও উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্টেশনের বহু হকারের মতো তিনিও ব্যবসা হারানোর আশঙ্কায় ভুগছিলেন। অভিযোগ, আর স্টেশনে ব্যবসা করতে পারবেন না, এমন আশঙ্কাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার ৩ নম্বর প্ল্যাটফর্মে আপ লাইনে একটি ট্রেন ঢোকার সময় আচমকাই রেললাইনে ঝাঁপ দিয়ে শুয়ে পড়েন ওই মহিলা। ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে। তখন উপস্থিত অন্যান্য মহিলা হকার ও যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনে নেমে তাঁকে উদ্ধার করেন। আতঙ্কে ওই মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন বলেও জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে ট্রেনও দাঁড়িয়ে যায়। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। খবর দেওয়া হয় জিআরপি-কে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় স্টেশন এলাকায়।

হকারদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশনে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। ভবিষ্যতে কীভাবে সংসার চলবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন বহু হকার।

যদিও এই ঘটনায় রেলের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন হকাররা আর তাঁদের সঙ্গেই আন্দোলনে সামিল হয়েছেন বাম নেতৃত্বও।