আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকে ফের এক মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইমন রায় (৪০)। তিনি সল্টলেক সেক্টর টু এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাঁচতলা ছাদের নিচে মেলে ওই মহিলার দেহ।
কীভাবে তিনি নিচে পড়লেন সে সম্পর্কে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। খবর পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় পৌনে ছ’টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ইমন সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তাঁর একটি সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ইমন। সূত্র মারফত জানা গিয়েছে, এই সমস্যার জন্য নিয়মিত ওষুধও খেতেন। তাঁর মধ্যে আগে থেকেই আত্মঘাতী প্রবণতা ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।













