আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে পড়ে গিয়ে আহত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বর্তমানে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর পেয়েই হাসপাতালে হাজির মন্ত্রী শঙ্কর ঘোষ।
রবিবার অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে যান রাজ্যের মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ। সেখানে তিনি অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিন নার্সিংহোমে থাকা অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনাও করেন।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীরা।
গতকাল শনিবার বাড়িতেই দুর্ঘটনায় আহত হন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য। জানা গিয়েছে, বাড়ির একটি ঘরে পড়ে গিয়ে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। আঘাতের ফলে মাথায় একাধিক সেলাই করতে হয়েছে।
পরিবার সূত্রে খবর, প্রথমে তাঁকে শিলিগুড়ির কলেজপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে চোটের গভীরতা এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা নার্সিংহোমে পৌঁছেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।
প্রাক্তন বাম মন্ত্রীর আহত হওয়ার খবর পেয়েই দুশ্চিন্তা প্রকাশ করেছেন অগণিত কর্মী, সমর্থকরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।















