আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন। একই সঙ্গে জানানো হয়েছে, এই সময়সীমায় রেজিস্ট্রেশন করাতে ‘লেট ফাইন’ অর্থাৎ বাড়তি জরিমানা দিতে হবে। তবে কোনও অবস্থাতেই অফলাইনে রেজিস্ট্রেশনের অনুরোধ গ্রাহ্য করা হবে না বলেও জানিয়েছে সংসদ। আগে চেকলিস্ট জমার সময়সীমা ছিল ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর কারণে চেকলিস্ট জমার নতুন সময়সীমা করা হয়েছে ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এর আগে একাদশ শ্রেণীতে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ায় শিক্ষা দপ্তর।