আজকাল ওয়েবডেস্ক: কলকাতার পাশাপাশি এবার জেলাতেও চালু হতে পারে মেট্রো। সোমবার রাজ্য বাজেটে তেমনটাই জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, ‘দুর্গাপুর—আসানসোল এবং শিলিগুড়ি—জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করা হতে পারে।’
জানা গিয়েছে, রাজ্যের এই চারটি জেলায় মেট্রো চালু করা যায় কিনা সে নিয়ে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে দেখবে রাজ্য। বর্তমানে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেট্রো চলে।
মেট্রো পরিষেবা শহরের আশেপাশে বাড়ানোর পরিকল্পনা চলছে। এরপর জেলাতে মেট্রো পরিষেবা চালু করা হলে তা অনেকটাই এগিয়ে যাবে। অর্থমন্ত্রী জানান, জেলায় মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো-ইকোনমিক স্টাডি করা হবে।
এর পাশাপাশি অর্থমন্ত্রী জানান, আনুমানিক ১,৪৫০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে একটি রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। যার মধ্যে থাকবে তিন লেনবিশিষ্ট বৈদ্যবাটি ROB, পাঁচটি ফ্লাইওভার, সার্ভিস রোড, পার্কিং বে-সহ অন্যান্য উন্নত সড়ক ব্যবস্থা।
বীরভূম জেলায় ৮০০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে ময়ূরাক্ষী নদীর উপর একটি চার লেনবিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। এছাড়াও, তিনি বলেন, নিউটাউন অঞ্চলের সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল।
এছাড়াও, প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা—নিউটাউন এলিভেটেড করিডর গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডোরটি ইএম বাইপাস এবং সল্টলেক সেক্টর ফাইভকে যুক্ত করবে।
তিনি জানান, এই সেতুটি যানজট কমিয়ে নিউটাউনের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। করিডোরটিতে ব়্যাম্প, এলিভেটেড পার্কিং বেসের পাশাপাশি সিসিটিভি নজরদারিরও ব্যবস্থা থাকবে।
















