আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুর ১২টায় পেশ হয়েছে রাজ্য বাজেট। বাজেট পেশ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য পেশ করা হল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এ দিন নতুন জেলা, দমকল কেন্দ্রের পাশাপাশি বিমানবন্দের ঘোষণাও করা হল রাজ্য বাজেটে।

 

এ দিন অর্থমন্ত্রী জানান, নতুন রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ জোর দিয়েছে। একসঙ্গে চারটি নতুন বিমানবন্দর গড়ে তোলার কথা ঘোষণা করা হল রাজ্য বাজেটে। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, "পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাবও দিয়েছি।" জানান, এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।

 

এ ছাড়াও স্বপন বলেন, "কেন্দ্রীয় উড়ান প্রকল্পের অধীনেই পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহেও বিমানবন্দর তৈরি করা হবে। পাশাপাশি, কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এ ছাড়া, কল্যাণীর কাছে একটি 'গ্রিনফিল্ড' বিমানবন্দর তৈরি করতে ১০০০-১৫০০ একর জমি শনাক্ত করা হবে।" এ ছাড়া, হাসিমারা ও কলাইকুণ্ডায় জমি বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

 

উল্লেখ্য, রাজ্যের কলকাতা ও বাগডোগরাতে দু'টি বিমানবন্দর ছিল। উত্তর ও দক্ষিণের দুই বিমানবন্দরই ছিল জনগণের ভরসাকেন্দ্র। তবে কলকাতা বিমানবন্দের মতো বাগডোগরা থেকে সব জায়গায় যাওয়ার ভ্রমণের বিমান পাওয়া যেত না। সোমবার চার জেলায় বিমানবন্দর তৈরির ঘোষণা তাই অনেকটাই স্বস্তি দেবে জনগণকে।

 

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরও বলেন, "আঞ্চলিক পর্যটন বাড়াতে এই বিশেষ উদ্যোগের ভাবনা। পাশাপাশি, প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করা হবে।" এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় বিমানবন্দর নেই। তাই নয়া ঘোষণা জনসাধারণের যোগাযোগ ব্যবস্থাতেও বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।