আজকাল ওয়েবডেস্ক: এ বার মানত পূরণে মাথা মুণ্ডন করলেন পাঁচ বিজেপি কর্মী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের এগরার শিপুর বাজারে। 

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহ তৈরি হতেই সোমবার এগরা-১ ব্লকের সাহাড়া অঞ্চলের ঐতিহ্যবাহী কেশবেশ্বর জিউ শিব মন্দিরে গিয়ে পুজো দেন ওই কর্মীরা। তার পরই একসঙ্গে মাথা ন্যাড়া করেন তাঁরা।

বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল জমানায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই সময় তাঁরা মহাদেবের কাছে মানত করেছিলেন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে এবং বিজেপি সরকার গড়লে তাঁরা মাথার চুল উৎসর্গ করবেন। সেই মনস্কামনা পূরণ হওয়াতেই সোমবার মন্দিরে এসে একযোগে মস্তক মুণ্ডন করেন ওই পাঁচজন।

মাথা ন্যাড়া করার পর কেশবেশ্বর জিউ মন্দিরে বিশেষ পুজোও দেন তাঁরা। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে শিপুর বাজার ও মন্দির চত্বরে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়।

এক বিজেপি কর্মীর কথায়, “তৃণমূল সরকারের আমলে আমাদের উপর রাজনৈতিক উদ্দেশ্যে অত্যাচার চালানো হয়েছিল। একের পর এক মিথ্যা মামলা চাপানো হয়। আজ সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে মহাদেবের কাছে করা মানত পূরণ করলাম।”

যদিও বিজেপি কর্মীদের এই অভিযোগ নিয়ে তৃণমূলের কোনও শিবিরের বক্তব্য মেলেনি। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার এবং পুলিশ সুপার অংশুমান সাহার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।