আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া শুরু করল নবনির্বাচিত রাজ্য সরকার। জানা গিয়েছে, শুক্রবার থেকেই বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, একদম প্রথম পর্যায়ে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ বাবদ বকেয়া অর্থ প্রথমে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
তবে বর্তমানে যাঁরা রাজ্য সরকারি কর্মী রয়েছেন তাঁদের এখনও ডিএ দেওয়ার বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করে জানায়নি প্রশাসন।
তবে, বকেয়া ডিএ-সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনরত সংগঠনগুলির সঙ্গে আগামী সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, সোমবার বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, এই বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জানা গিয়েছে, প্রতিটি আন্দোলনকারী মঞ্চ থেকে তিনজন করে প্রতিনিধি অংশ নেবেন। সব মিলিয়ে মোট ১২ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আন্দোলনকারীদের দাবি, পূর্বতন সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানানো হলেও সেই সুযোগ মেলেনি।
তবে এবার দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়েছে। ফলে আসন্ন বৈঠককে ঘিরে সরকারি কর্মচারী মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।
















