আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির নির্মম রোষে মুহূর্তের মধ্যে ঝরে গেল একই পরিবারের দুই সদস্যের প্রাণ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত মাধবপুর এলাকায় বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হল দুই ভাইয়ের। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। মৃতদের নাম শাহাবুদ্দিন মন্ডল (৬০) এবং লিটন মন্ডল (৩৮)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই আজ দুই ভাই গাছ কাটার কাজে বেরিয়েছিলেন। পরিবারের জীবিকা নির্বাহের জন্যই দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। সকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করলেও কাজ থামাননি। হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সময় খোলা জায়গায় কাজ করার মধ্যেই আচমকাই নেমে আসে বজ্রাঘাত। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন দুই ভাই। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আশেপাশের মানুষজন। দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে পরিবারের উপর নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীরাও স্তব্ধ হয়ে পড়েছেন এই মর্মান্তিক ঘটনায়। 

এদিকে একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন শেখ নাজিম উদ্দিন, কাজল মল্লিক, রিঙ্কু মন্ডল এবং রূপালী বেরা। তাঁদেরও দ্রুত উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে এবং অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বজ্রপাতটি ছিল অত্যন্ত আকস্মিক ও তীব্র, ফলে কেউই আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ পাননি।