আজকাল ওয়েবডেস্ক: কোন্নগর পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকনকে গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরী থেকে অবৈধ ব্যবসা ও সরকারি জমি নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করার ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী উপস্থিতিতে এদিন বাবলু পালকে গ্রেপ্তার করে পুলিশ। ক্ষুব্ধ বিধায়ক, বললেন সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে কোন্নগরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

পুলিশ এতদিন কোনও ব্যবস্থা নেয়নি। কোন্নগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বাবলু পাল। তার বিরুদ্ধে অভিযোগ সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরী, অবৈধ ব্যবসা ও সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করা। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ কেনও ব্যবস্থা নেয়নি সেনিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরপাড়ার বিধায়ক। 

সম্প্রতি ফোন করে উত্তরপাড়া থানার আইসি ও চন্দননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান বিধায়ক। অভিযোগ করেন কোন্নগর ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ পালের বিরুদ্ধে। এদিন বিশ্বজিতের সামনেই রীতিমত পুলিশের ভূমিকা নিয়ে অসোন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিধায়ককে। বিধায়ক বলেন, এরকম পুলিশ অফিসারকে তিনি তাঁর বিধানসভা কেন্দ্রে মেনে নিতে পারছেন না। আগামী ১ জুন থেকে বিশ্বজিৎ পালকে আর কোন্নগরে তিনি দেখতে চাননা। তৃণমূল কাউন্সিলর সম্পর্কে তিনি বলেছেন,কুড়ি বছর ধরে সরকারি জমি দখল করে রেখেছিলেন। বেআইনি নির্মানে আবার বুলডোজার চলবে। আর তার খরচ নেওয়া হবে তৃণমূল কাউন্সিলরের থেকে। উনি এলাকার মানুষকে হুমকি দিতেন। তার এক পকেটে নাকি পুলিশ আর এক পকেটে চেয়ারম্যান স্বপন দাস আছে। তার কত বড় পকেট তিনি জানেন না। তবে সেই পকেট তিনি শিল করে দিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বাবলু পালকে এদিন উত্তরপাড়া থানার পুলিশ খোকনকে গ্রেপ্তার করে।