আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্ক। আজই তাঁকে আদালতে পেশের সম্ভাবনা। দীর্ঘদিন ধরেই পলাতক থাকার অভিযোগ ছিল। অবশেষে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে এবং পুরসভার প্রাক্তন কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ।
রবিবার গভীর রাতে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এই ঘটনাগুলিতে তাঁর বাবা নির্মল ঘোষের নামও উঠে আসায় বেশ কিছুদিন ধরেই দু'জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল খড়দহ থানার পুলিশ। এতদিন তাঁরা গা-ঢাকা দিয়ে ছিলেন বলেই তদন্তকারীদের দাবি।
এর মধ্যেই গত শনিবার তৃণমূলের 'বিদ্রোহী'দের একটি বৈঠকে হঠাৎ দেখা যায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁর খোঁজ না পেলেও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়। বিরোধীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও প্রশ্ন ওঠে, পুলিশ যেখানে তাঁকে খুঁজে পাচ্ছে না, সেখানে তিনি কীভাবে প্রকাশ্যে সভায় অংশ নিলেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তাঁদের মন্তব্যের পর বিষয়টি আরও রাজনৈতিক গুরুত্ব পায়। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ।
তদন্তকারীদের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলোর সত্যতা খতিয়ে দেখা হবে। পাশাপাশি আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেরার মাধ্যমে পলাতক নির্মল ঘোষের অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী দল। এই গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।















