আজকাল ওয়েবডেস্ক: নদীতে স্নান করতে নেমেই ফের মর্মান্তিক দুর্ঘটনা। এবার খড়গপুরে কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল তিন কিশোরের। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খড়গপুর লোকাল থানার অন্তর্গত অ্যানিকেট বাঁধ এলাকায়। মৃত তিন কিশোরই খড়গপুর শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মোট ছয় বন্ধু মিলে কাঁসাই নদীর অ্যানিকেট বাঁধ সংলগ্ন এলাকায় ঘুরতে আসে। পরে বেলা বাড়তেই তারা নদীতে স্নান করতে নামে। অভিযোগ, নদীর গভীর অংশে চলে যাওয়ায় আচমকাই তিন কিশোর তলিয়ে যায়।

 

প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে বাকি তিন বন্ধু তাদের খুঁজে না পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উদ্যোগে নদীতে তল্লাশি চালানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিন কিশোরকে নদী থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। 

 

ঘটনার খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে তারা নদীর ধারে গিয়েছিল, কিংবা স্নানের সময় কোনওরকম নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

এই ঘটনায় মৃত কিশোরদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর একাংশের দাবি, কাঁসাই নদীর ওই অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বর্ষার আগের সময় নদীর জল ও স্রোতের গভীরতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবিও উঠেছে।