আজকাল ওয়েবডেস্ক: বছর দু'য়েক আগে উদ্বোধন হয়েও পড়ে রয়েছে থানা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেই থানা চালুর দাবি জানাচ্ছিলেন। সরকার বদল হতেই পদক্ষেপ৷ থানার নতুন ভবনটি পুলিশ সুপারকে নিয়ে ঘুরে দেখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া৷ ওই থানা দ্রুত চালু করার আশ্বাসও দিলেন রাজ্যের মন্ত্রী৷

ভারত বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে পেট্রাপোল থানা ৷ থানায় গিয়ে বাসিন্দাদের অভাব অভিযোগ জানাতে বিএসএফের কড়া তল্লাশির মুখে পড়তে হয়৷ নিরাপত্তার কারণে কেন্দ্রীয় আঁটোসাটো নিরাপত্তা থাকে ওই এলাকায়। ফলে গভীর রাতে কোন অভিযোগ জানাতে থানায় যেতে চান না স্থানীয়রা। গভীর রাতে থানায় গেলে কোনও পরিচিত ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যেতে হয়৷ ব্যস্ততার সময় আধার কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে গেলে থানার সামনে পর্যন্ত পৌঁছানো যায় না। নো-ম্যানস ল্যান্ড সংলগ্ন এলাকায় আন থাকায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। 

সে কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও  এলাকার ব্যবসায়ীরা পেট্রাপোল থানাকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছিলেন৷ কেন্দ্র সরকার পদক্ষেপ করে। ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে ২০২৪ সালে একটি আধুনিক থানার ভবন তৈরি করা হয় যশোর রোডের পাশে৷ তার উদ্বোধনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

ভবনের উদ্বোধন হলেও সেখানে আজও থানা স্থানান্তরিত না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার থানার ভবনটি তৈরি করেছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভবনের উদ্বোধন করায় তৃণমূল পরিচালিত সরকার সেই ভবন ব্যবহার করেনি। বিজেপির মন্ত্রীর উদ্বোধন করা ভবন ব্যবহার করেনি তৃণমূল পরিচালিত সরকার৷ রাজনৈতিক টানা পড়েনে সমস্যায় ছিলেন পেট্রোলের ব্যবসায়ী-সহ সাধারণ মানুষ৷

সরকার বদল হতেই বাসিন্দারা নতুন থানা ব্যবহারের আবেদন জানিয়েছেন৷ খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, "আমি এবং জেলার পুলিশ সুপার ভবনটি গিয়ে দেখে এসেছি ৷ শীঘ্রই ওই ভাবনেই থানার কাজ চালু হয়ে যাবে।"
 
এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল৷ দৈনিক আমদানি রপ্তানি বাণিজ্য চলে এই বন্দর দিয়ে৷ পাশাপাশি দুই দেশের যাত্রী পারাপার হয়৷ জনবহুল পেট্রাপোল বন্দর ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতকে নিয়ে বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল এই পেট্রাপোল থানা।