আজকাল ওয়েবডেস্ক: কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ছাদবাগান ঘিরে এখন বিশেষ চর্চা। বিজেপিতে যোগদানের পর নিজের বাড়ির ছাদে তৈরি ফুলের বাগানে দুটি স্থলপদ্ম গাছ লাগানো হয়েছিল। শুভেন্দু অধিকারী বাড়িতে ফিরলেই সেই গাছের পরিচর্যা করতেন। তাঁর অনুপস্থিতিতে সেই দায়িত্ব সামলান তাঁর আপন মাসি।
পরিবারের দাবি, আশ্চর্যজনকভাবে ঠিক ভোটের আগের সময় থেকেই দুটি স্থলপদ্ম গাছে একের পর এক সুন্দর পদ্মফুল ফুটতে শুরু করে। ভোটে জয়ের পর সেই ফুলের সংখ্যা আরও বেড়ে যায়। শপথ গ্রহণের আগে সেই ছাদবাগানের পদ্মফুল দিয়েই বাড়ির কুলদেবতার মন্দিরে পুজো দেওয়া হয়। পাশাপাশি নাচিন্দা মন্দির সহ একাধিক মন্দিরেও পাঠানো হয় পদ্মফুল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে থাকলে শুভেন্দু অধিকারী নিজেই ছাদবাগানের পদ্মগাছ ও অন্যান্য ফুলগাছের যত্ন নেন। প্রতিদিন নিজের বাগানে ফোটা ফুল দিয়েই কুলদেবতার পুজো করে প্রণাম জানিয়ে কাজের উদ্দেশ্যে বেরোনোর অভ্যাসও রয়েছে তাঁর।
শনিবারই কলকাতার ব্রিগেড গ্রাউন্ড থেকে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ শুভেন্দু অধিকারী ছাডা়ও এ দিন মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু৷















