আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে যাচ্ছেন তিনি। খবর অনুযায়ী, মায়াপুর ইস্কন থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতেই তিনি মায়াপুরে যাবেন বলে খবর।
রাত পোহালেই মায়াপুরে মুখ্যমন্ত্রী। বিশেষ কোনও কর্মসূচি নয়। শুধুমাত্র গো মাতার সেবা ও পুজো দিতেই এই কর্মসূচি বলে সূত্র মারফত জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আকাশ পথে মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কোনওরকম কর্মসূচি নয়, শুধুমাত্র ধর্মীয় কারণেই তাঁর এই সফর। জানা গিয়েছে, সকাল ১১ টায় ইস্কনে আসার পর তাঁকে ইস্কন কর্তৃপক্ষ স্বাগত জানাবেন। এরপর সোজা চলে যাবেন ইস্কনের গোশালায়। সেখানে গো মাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
পাশাপাশি, তিনি নিজের হাতে বিশেষ ধরনের লাড্ডু খাওয়াবেন বলেও জানা গিয়েছে। যদিও মন্দির দর্শন কিংবা প্রসাদ গ্রহণের কর্মসূচি রয়েছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রী হবার পর প্রথম তিনি প্রশাসনিক বৈঠক করেছেন নদিয়ার কল্যাণীতে। তার ঠিক একদিন বাদেই ফের নদিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই মায়াপুর ইস্কন চত্বরে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তৎপর। অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী ইস্কনের নবনির্মিত মন্দির/চন্দ্রদয় মন্দিরে বিগ্রহ দর্শণে যাবেন কিনা এখনও নিশ্চিত নয়। তবে খুব স্বল্প সময়ের জন্য তাঁর এই কর্মসূচি বলে ইস্কন সূত্রে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের আগের মুহূর্তে জোরদার তৎপরতা চলছে মায়াপুর জুড়ে। মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে আপাতত কোনও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ থাকছে না বলেই খবর।
















