আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের পিংলায় পাকিস্তান যোগের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতদের নাম সেখ মুরসেলিম ও গৌতম খাঁড়া। জানা গিয়েছে, সেখ মুরসেলিমের বাড়ি পিংলার ক্ষীরাই এলাকায় এবং গৌতম খাঁড়ার বাড়ি সুরোটচকে। দু’জনেই ক্ষীরাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। 

গভীর রাতে হঠাৎ STF-এর তৎপরতায় এলাকাজুড়ে ছড়ায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতম খাঁড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাইকিং করে সিম কার্ড বিক্রির কাজ করতেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেই সিম কার্ডের মাধ্যমেই কোনও  সন্দেহজনক আন্তর্জাতিক যোগাযোগ বা বেআইনি নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না। যদিও তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ গোয়েন্দারা। 

গ্রেপ্তারের ঘটনার পর থেকেই ক্ষীরাই ও সুরোটচক এলাকায় চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দুই পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই এ বিষয়ে মুখ খুলতে চাননি। অনেকেই ক্যামেরার সামনে আসতেও এড়িয়ে যান। সূত্রের দাবি, ধৃতদের মোবাইল ফোন, নথিপত্র ও যোগাযোগের একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে বড় কোনও  চক্রের যোগ থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা পিংলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। নিরাপত্তা সংস্থাগুলিও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে।