আজকাল ওয়েবডেস্ক: চালু হওয়ার পর থেকেই কার্যকারিতা প্রমাণ করতে শুরু করেছে শিলিগুড়ি পুলিশের 'ট্যুরিস্ট হেল্পলাইন ডেস্ক'। এবার বিহারের বেগুসরাইয়ের এক পর্যটককে ভুয়ো ট্যুর অ্যান্ড ট্রাভেলস অপারেটরের প্রতারণার হাত থেকে দ্রুত উদ্ধার করল এই হেল্পলাইন।
জানা গিয়েছে, ওই পর্যটকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। ঘটনার পর তিনি শিলিগুড়ি পুলিশের ট্যুরিস্ট হেল্পলাইন ডেস্কে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। দ্রুত পদক্ষেপের ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রতারিত ৩৩ হাজার টাকা উদ্ধার করে পর্যটকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণার মতো ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়িতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ট্যুরিস্ট হেল্পলাইন পরিষেবা। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ মিলল, পর্যটকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে এই হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিলিগুড়ি পুলিশ জানিয়েছে, পর্যটকদের যেকোনও সমস্যা বা হয়রানির অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য টুরিস্ট হেল্পলাইন ডেস্ক সর্বদা প্রস্তুত রয়েছে।
















