আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ফের অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, রবিবার গভীর রাতে খেজুরির ভাঙনমারি কলমোড় এলাকায় বাইকে করে এসে দুষ্কৃতীরা পরপর পাঁচটি দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হলেও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেননি।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবসময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, “কিছু মানুষ বিজেপির নাম ব্যবহার করে এলাকায় অশান্ত পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, আমরাও নজর রাখছি। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।