আজকাল ওয়েবডেস্ক: এক যুবককে প্রাণে মারার চেষ্টা এবং অপহরণের চেষ্টার অভিযোগে বৈঁচিগ্রাম থেকে গ্রেপ্তার সাতজন। ধৃতদের আজ মঙ্গলবার চুঁচুড়া আদালতে পাঠাল পান্ডুয়া থানার পুলিশ। 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ তারিখে বৈঁচির বেরেলা কোচমালির সোদহাট এলাকার বাসিন্দা দেবাশিস বৈরাগ্য নামে এক যুবক পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গত ১৬ তারিখ রাতে সোদহাট এলাকায় একটি হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে তিনি হরিনাম দেখতে গিয়েছিল। 

 

এই সময় অতীতের জমে থাকা ক্ষোভ ও রাগের বশে বৈঁচিগ্রাম এলাকার শুভ ক্ষেত্রপাল সহ মোট সাতজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। বেধড়ক মারধর করেন তাঁকে এমনটাই অভিযোগ তাঁর। এরপর দেবাশিসকে জোরজবরদস্তি করে চার চাকা গাড়িতে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করলে স্থানীয়রা জড়ো হয়ে দেবাশিসকে সেখান থেকে উদ্ধার করেন। এরপর বৈঁচিগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেও শুভ ক্ষেত্রপাল তাঁর দলবল নিয়ে আবারও চড়াও হয়ে দেবাশিসকে প্রাণে মারার হুমকি দেন। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ উপস্থিত হলে অভিযুক্তরা চম্পট দেন। গত ১৭ তারিখ দেবাশিস এই অভিযোগ লিখিতভাবে পান্ডুয়া থানার জানালে পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বৈঁচিগ্রাম এলাকা থেকে অভিযুক্ত শুভ ক্ষেত্রপাল, সুদীপ ক্ষেত্রপাল, নারায়ণ ক্ষেত্রপাল, ভানু ক্ষেত্রপাল, রাজু ক্ষেত্রপাল, শচীন ক্ষেত্রপাল এবং অসিত ক্ষেত্রপালকে গ্রেপ্তার করে। উদ্ধার করে একটি চার চাকা গাড়ি। ধৃত সাতজনকে আজ চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার আরও তদন্ত করছে পুলিশ।