গোপাল সাহা
অভিষেক ব্যানার্জির ‘সেবাশ্রয়’ শিবিরে তদন্ত চেয়ে লিখিতভাবে অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সেবাশ্রয়ের যা যা অনিয়মের তথ্য পেয়েছেন সেই সমস্ত বিষয় জমা করে তিনি তদন্ত ও চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে ইমেল করেছেন। গত ১৬ জুলাই রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে এই মেল করেছিলেন অভিজিৎ।
গত ২১ জুলাই এই মেলের প্রাপ্যতা স্বীকার করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তারা জানিয়েছেন, অভিজিতের পাঠানো মেল তারা পেয়েছেন। যে অভিযোগ করা হয়েছে তা পুরো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকেও চিঠি দেওয়া হয়েছে। সেবাশ্রয়ে নির্দিষ্ট কোন চিকিৎসক ও তথ্য প্রমাণ থাকলে কাউন্সিলে তা জমা দিতে বলা হয়েছে।
রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, সংশ্লিষ্ট অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং নৈতিক লঙ্ঘনের তদন্তের জন্য ডাক্তারদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রেজিস্ট্রেশন নম্বর, রোগীকে প্রদত্ত চিকিৎসার বিবরণ এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের স্ব-স্বাক্ষরিত অনুলিপি প্রয়োজন।
উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে, অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে তথ্য থাকলে তাও জমা দিতে বলা হয়েছে। এছাড়াও, রাজ্য মেডিক্যাল কাউন্সিল অভিজিৎকে পরামর্শ দিয়েছে যে, অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীদেরকে উল্লিখিত নথিগুলিসহ সরাসরি আমাদের কাছে তাদের অভিযোগ জমা দিতে বলা যেতে পারে।
অভিজিৎ অভিষেকের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। সেবাশ্রয়ে ব্যবহৃত এক্স-রে ও ইউএসজি মেশিন ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার থানায়। অভিযোগে বলা হয়েছে যে, প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স এবং চিকিৎসা সংক্রান্ত বিধি না মেনেই ওই যন্ত্রগুলি ব্যবহার করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে একযোগে অভিযান চালানো হয়েছে।
এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে যে সকল ডাক্তাররা পরিষেবা প্রদান করেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তাঁর অভিযোগ, সেবাশ্রয় পরিষেবা দেওয়া চিকিৎসকদের পর্যাপ্ত ডিগ্রি ছিল না। আজকাল ডট ইন-কে তিনি জানিয়েছিলেন, “এমবিবিএস সার্টিফিকেট নেই, এমন বহু হাতুড়ে চিকিৎসককে দিয়ে কাজ করানো হয়েছে। সেবাশ্রয় থেকে রেফারেন্স নিয়ে, অন্য হাসপাতালে গিয়ে, সেই রোগীর পা কেটে বাদ দিতে হয়েছে। ভুল চিকিৎসা হয়েছে।”
এই সকল ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ করতেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি লিখেছিলেন অভিজিৎ। সেই চিঠির প্রাপ্তিস্বীকার করেছে কাউন্সিল।
















