আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে দেখা যায়।
মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে হাজির তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বৃহস্পতিবার বেলা দশটার কিছু পরেই, আদালতে আইনজীবীর পোশাকে হাজির হন খোদ মমতা। এর আগেও আদালত চত্বরে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল খোদ দিল্লিতে।
যদিও সেবার আইনজীবীর পোশাকে উপস্থিত হননি, উপস্থিত হননি আইনজীবী হিসেবেও। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই হাইকোর্ট সফরকে ঘিরে তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? ২০২১ সালের ২ মে ভোটের ফল ঘোষণা হয়। তারপর ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন হন। ২৭ জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন, আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। কোথায় ছিল পুলিশ? পুলিশ তখন এফআইআর নেয়নি। কোথায় ছিল আদালত? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল। আর আজ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’
অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতার হাইকোর্ট সফর প্রসঙ্গে বলেন, 'আমার হাতে অনেক কাজ আছে। অযথা বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই।'
















