আজকাল ওয়েবডেস্ক: ভোটে এবার ছেলেকে দাঁড় করিয়েছিলেন পানিহাটি থেকে। ছেলেও জিততে পারেননি। আরজিকর থেকে লটারি, একাধিক মামলায় নাম জড়িয়েছে, মাঝের কিছুদিন এলাকাবাসীরা তাঁকে 'বেপাত্তা' বলছিলেন। সেই নির্মল ঘোষকে, শনিবার দেখা যায় ঋতব্রতদের 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'-এর বৈঠক চত্বরে। স্বাভাবিকভাবেই, জল্পনা ছড়েয়ায়, তবে কি এবার তিনিও? কালীঘাট তৃণমূল থেকে শিবির বদল করে 'আসল তৃণমূল' হলেন। যদিও নির্মল নিজে এর সাফ উত্তর দেননি প্রাথমিকভাবে। কখনও জবাব এড়িয়ে যান, কখনও বলেন দেখা করতে এসেছেন জাভেদ খানের সঙ্গে।

নির্মল-অস্বস্তি কাটাতে আসর খোদ ঋতব্রত ব্যানার্জি। শনিবার বৈঠক মিটে যাওয়ার পরেই, তিনি সাফ জনান, 'পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাঁকে তো মিটিংয়ে আমরা কেউ ডাকিনি।আমাদের পরিকল্পনায় তিনি নেই। বৈঠকে ডাকার প্রশ্নও নেই।' নির্মল নিয়ে নাম বিভ্রাটও খোলসা করেছেন তিনি। বলেন, 'যে নির্মল ঘোষ আমাদের কমিটিতে জায়গা পেয়েছেন, তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ।'

ঋতব্রতর আরও সংযোজন, 'উনি অনাহূতের মতো ঘুরছেন, দেখলাম। কিন্তু নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও  ধরনের যোগাযোগ নেই। কেউই আমন্ত্রণ জানাননি। ওঁকে বলব, দয়াকরে একটু বলুন, কে, কোন নম্বর থেকে, আমন্ত্রণ জানিয়েছেন।'কেবল এটুকু নয়, নির্মল ঘোষের সঙ্গে, নিজেদের শিবিরের নাম যে ঋতব্রত একেবারেই জরাতে চাইছেন না, তা আরও স্পষ্ট তাঁর কথায়। বলেন, 'ওঁ বললে তো হবে না। নিজের মনে মাধুরি মিশিয়ে, যা বলছেন, তার সঙ্গে আমাদের পরিকল্পনার কোনও সম্পর্ক নেই। আমার মনে হয়েছিল তিনি ঘুরতে এসেছেন।'

নির্মল ঘোষকে 'খোলা' চ্যালেঞ্জও জানান, তাঁকে কে বা কারা, কীভাবে ওই বৈঠকে ডেকেছিলেন, তাঁর প্রমাণ দেওয়ার জন্য।