আজকাল ওয়েবডেস্ক: অন্নপূর্ণা যোজনার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও-দের (বুথ লেভেল অফিসার)। প্রতিবাদে মুখর বিএলও-দের একাংশ। এমনকি বিক্ষোভেও শামিল হলেন প্রায় ২০০ জন বিএলও। শনিবার ১১৭ নম্বর রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিএলও-রা বাগুইআটির পিডব্লিউডি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বিধাননগরের মহকুমাশাসকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। 

বিক্ষোভকারী বিএলওদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার কাজ তাঁদের দায়িত্বের আওতায় পড়ে না। তাঁদের বক্তব্য, গত আগস্ট মাস থেকে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) সংক্রান্ত কাজে তাঁরা নিয়োজিত রয়েছেন। দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালনের ফলে বিদ্যালয়ের শিক্ষাদানের কাজ ব্যাহত হচ্ছে।

বিএলওদের একাংশ জানান, বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চললেও শীঘ্রই স্কুল খুলবে। সেই পরিস্থিতিতে তাঁরা আবার শ্রেণিকক্ষে ফিরে পড়াশোনার কাজে মন দিতে চান। তাঁদের বক্তব্য, জনগণনার মতো সরকারি কাজে তাঁরা অংশগ্রহণ করবেন, কারণ তা সরকারি দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্পের কাজ বিএলওদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার কাজ করার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই কারণেই তাঁরা সংগঠিতভাবে প্রতিবাদে শামিল হয়েছেন, প্রশাসনের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন। 

এদিনের বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এসডিও-র উদ্দেশ্যে জমা দেওয়া ডেপুটেশনে বিএলওরা দাবি করেছেন, তাঁদের উপর অন্নপূর্ণা যোজনার কাজের দায়িত্ব না চাপিয়ে মূল শিক্ষাদান ও নির্বাচনী সংক্রান্ত কাজেই নিয়োজিত রাখা হোক। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।