আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রীনগর এলাকার হরি কালী মন্দিরে রথযাত্রা উপলক্ষে চরম উত্তেজনা। এরই মধ্যে দেখা গেল এক অলৌকিক দৃশ্য।
মন্দিরের সেবায়েত গৌরী চক্রবর্তী প্রথম লক্ষ্য করেন, ঠাকুরকে ভোগ দেওয়ার পুরোনো একটি কাঁসার থালায় হঠাৎই যেন ভেসে উঠেছে শ্রীজগন্নাথদেবের মুখাবয়ব। প্রায় ১২-১৪ বছর ধরে যে থালাটিতে দেবতাকে ভোগ নিবেদন করা হতো, সেখানে এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে যান মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
খবর ছড়াতেই মন্দিরে কৌতুহলী মানুষের ভিড় উপচে পড়ে। ভক্তদের দাবি, কাঁসার থালায় ফুটে ওঠা সেই অবয়ব স্বয়ং জগন্নাথদেবেরই আশীর্বাদের রূপ।
মন্দির সূত্রে জানা গিয়েছে, গত বছর পুজোর দিন প্রথম বিষয়টি নজরে এসেছিল। তাই এ বছর রথ ও উল্টোরথের মরশুমে সেই কাঁসার থালাটিকেই জগন্নাথদেব জ্ঞানে বিশেষ পুজো করা হচ্ছে। ফুল-মালা দিয়ে যত্ন করে তাকে বসানো হয়েছে মন্দিরের সিংহাসনে, আসল বিগ্রহের ঠিক পাশেই।
দর্শনার্থীরা দূর থেকেই থালাটিকে হাতজোড় করে প্রণাম জানাচ্ছেন। শ্রীক্ষেত্রের মহাপ্রভুর পুজো-ভোগের পাশাপাশি হাবড়ার এই মন্দিরেও এখন চরম উৎসবের মেজাজ। হাবড়া তো বটেই, আশপাশের গ্রাম ও শহর থেকেও দলে দলে মানুষ ছুটছেন কাঁসার থালায় ভেসে ওঠা ‘জগন্নাথ রূপ’ দর্শন করতে।
















