আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। তা সত্যি করে ঝড়বৃষ্টি নামল কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। সঙ্গে বজ্রপাত।
হাওয়া অফিস জানিয়েছিল, বুধবার সন্ধেয় কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের তিন জেলায় তীব্র ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা ছিল। তা সত্যি হয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বিহার পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, বুধবার সন্ধেয় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে।















