মিল্টন সেন
হুগলির চুঁচুড়ায় পঞ্চায়েতের সামনে উত্তেজনা। দুর্নীতি ও তোলাবাজির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী ওরফে টুকুনকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। অভিযোগ, বিক্ষোভের সময় তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং ডিম ছোড়া হয়।
ঘটনাটি ঘটে সোমবার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ তুলে সরব ছিলেন এলাকার বাসিন্দারা।
অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর থেকেই টুকুনের প্রভাব ও প্রতিপত্তি বেড়েছে। তাঁর বিরুদ্ধে পরিবারতন্ত্র চালানো, জোর করে জমি দখল, তোলাবাজি, সরকারি কাজ থেকে কাটমানি নেওয়া এবং আবাস-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি।
এদিন সেই অভিযোগগুলির প্রতিবাদে এবং কথিত তোলাবাজির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ। বিক্ষোভে বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, পঞ্চায়েত অফিসের সামনে উপপ্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি শুরু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি, মারধর এবং ডিম ছোড়ার ঘটনা।
খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁকে নিয়ে যাওয়ার সময় পঞ্চায়েতের সামনে বিক্ষোভকারীদের ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ছবি: পার্থ রাহা
















