রিয়া পাত্র: ভোটের মুখে প্রতীক বদলেছিলেন। সেই প্রতীক বদলানো প্রতীক উর দলের দুর্দিনে কোথায়। একুশে জুলাইয়ের আগে খোঁজ তীব্র হয়। প্রতীক উর মুখ খুলতেও নারাজ। অবশেষে খোঁজ মিলল বিশে!
সূত্রের খবর, প্রতীক উর এই সময়ে রয়েছেন অসমে। কেন? ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবর, আরও চমকপ্রদ। জানা যাচ্ছে গুয়াহাটি হাইকোর্টে একটি মামলার কাজে গিয়েছেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ-কাল নয়, গত প্রায় মাসখানেক ধরেই কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন তিনি।
সূত্রের খবর, ২০১৬ সাল নাগাদ আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা উতরে যান বছর খানেক পরে। তবে তখন হাতে লাল ঝান্ডা। তখন বুকে বিপ্লব। দলের হোলটাইমার হয়ে গিয়ে, আইনজীবী হওয়ার কথা ভাবেননি আর।
পরে লাল ঝান্ডা বদলে নিয়েছিলেন। ২৬-এর ভোটের আগে তুমুল জল্পনা উসকে, খোদ অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা নেন। মমতার ধরনা মঞ্চে বক্তব্য রাখেন। জোড়া ফুলের এন্তাদের হয়ে প্রচার করেন। তবে ভোটের পর থেকে খোঁজ মিলছিল না। রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতেও চাননি সেভাবে। আসেননি প্রকাশ্যে। জল্পনা ছিল, তাঁর শিবির বদল নিয়েও। তিনি কি থাকবেন একসঙ্গে লাল পতাকা বয়ে চলা ঋতব্রতর শিবিরে, নাকি থাকবেন অভিষেকের সঙ্গে। তখনই জানা যায়, পরিবার আর নিজের কাজ নিয়ে, রাজনীতি থেকে খানিক দূরত্ব বজায় রাখছেন তিনি। এবার ঘনিষ্ঠ মহল সূত্রে সামনে এল, নয়া অবতারের কথা। যদিও প্রতীক উর নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এখনও।
















