আজকাল ওয়েবডেস্কঃ পোলবার সুগন্ধায় পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।প্রথমে দোকানের শাটার তালা। এর পর সিসি ক্যামেরা ভেঙে চুরি করা হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনার পরই তৎপর হয় পোলবা থানার পুলিশ। লাগাতার এই চুরির ঘটনায় শেষমেশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম পল্লব কুমার চক্রবর্তী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুগন্ধা মোড়ে দিল্লী রোডের পাশে যে পুলিশ ক্যাম্প রয়েছে, তার আশেপাশের দোকানগুলিতেই হঠাৎ চুরির ঘটনা ঘটে। চুঁচুড়া তারকেশ্বর রোডের পাশের
দু'টি ওষুধের দোকান, একটি স্টেশনারি, একটি ফাইন্যান্সের অফিস-সহ পাঁচটি দোকানে ধারাবাহিক ভাবে চুরির ঘটনা ঘটে। দিন কয়েক আগে একটি মাংসের দোকান থেকে ছাগল চুরি হয় ওই এলাকায়। এমনকি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যে বিল্ডিংয়ে রয়েছে, এমন একটি বিল্ডিংয়েও চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ ক্যাম্পের ঢিল ছোঁড়া দূরত্বেই এরকম চুরির ঘটনায় চিন্তিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ীরা। এরপর ঘটনার তদন্ত শুরু করে পোলবা থানার পুলিশ। শেষমেশ সেই চুরির তদন্তেই উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।
পুলিশ সূত্রের খবর, প্রযুক্তির সাহায্য নিয়ে ডিজিটাল ও ইলেকট্রনিক প্রমাণ বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য সোর্স ইনপুট-এর খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালায় পুলিশ। খতিয়ে দেখা হয় সমস্ত সিসিটিভি ফুটেজ। হুগলি গ্রামীণ পুলিশের সুপারিন্টেন্ডেন্ট আইপিএস কুনওয়ার ভূষণ সিংয়ের তত্ত্বাবধান ও নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলে। যার ফলে অল্প সময়ের মধ্যেই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত এখন পুলিশের জালে।
পুলিশ হেফাজতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া নগদের ২৫ হাজার টাকা উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ওই চক্রের অন্যান্য সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার এবং অবশিষ্ট চোরাই সম্পত্তি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।















